কয়েক মাস আগে এক বয়স্ক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী আশ্রয় নেন কলকাতার গ্যাস্ট্রো অ্যান্ড ক্যানসার সার্জেন ডাঃ শুদ্ধসত্ত্ব সেনের কাছে। রোগীর অবস্থাই ছিল অত্যন্ত জটিল—ওজন কমে যাওয়া, দীর্ঘদিনের সুগার, হার্টের সমস্যা, ফুসফুসের অসুখ—সব মিলিয়ে তাঁর সার্বিক শারীরিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। এর মধ্যেই ধরা পড়ে আরও ভয়াবহ সমস্যা: খাদ্যনালী ও পাকস্থলীর ক্যানসার, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল লিভার ও পার্শ্ববর্তী টিস্যুতে।
রোগীর পরিবার জানান, দেশের একাধিক নামকরা ক্যানসার হাসপাতালে ঘুরেও কোনও কার্যকর সমাধান মেলেনি। অধিকাংশ জায়গায় তাঁরা শুনেছেন—এ অবস্থায় বড় অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সম্ভাবনা খুবই কম।
শেষ আশা নিয়ে রোগীর পরিবার ফেরেন কলকাতায়। রোগীকে বিশদভাবে পরীক্ষা করার পর ডাঃ শুদ্ধসত্ত্ব সেন দেখেন, ক্যানসারটি এখনও সম্পূর্ণরূপে মেটাস্টেটিক পর্যায়ে যায়নি। তাই একমাত্র উপায় হিসেবে সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়—জটিল ক্যানসার অপারেশন।
প্রায় তিন ঘণ্টা ধরে সুচারুভাবে চলে অস্ত্রোপচার। খাদ্যনালী ও পাকস্থলীর আক্রান্ত অংশগুলি কেটে বাদ দেওয়া হয় এবং পুনর্গঠন করা হয় খাদ্যনালী-সংক্রান্ত পথ। পরিবার সূত্রে জানা গেছে, অপারেশনের পর রোগীর কোনও বড় জটিলতা দেখা যায়নি এবং তিনি ক্রমশ সুস্থতার পথে এগোচ্ছেন।
চিকিৎসকদের মতে, রোগীর বহু সহ-অসুখ থাকা সত্ত্বেও এমন জটিল সার্জারি সফল হওয়া অত্যন্ত উল্লেখযোগ্য। এটি প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা, অভিজ্ঞ সার্জিক্যাল টিম এবং আধুনিক পরিকাঠামো থাকলে জটিল ক্যানসারও নিয়ন্ত্রণে আনা সম্ভব।



